
প্রদীপ কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি: ২০২২-২০২৩ জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বার্থ সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে শহরের মিশন মোড় চত্বরে লালমনিরহাট প্রতিবন্ধী সমাজের আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে প্রেস বিজ্ঞপ্তি ও বক্তারা ৬ দফা দাবি তুলে ধরে বলেন, মাসিক ৭৫০ টাকা থেকে দৈনিক ৩০০ টাকা হারে মাসিক ভাতা ৯ হাজার টাকায় উন্নতি করতে হবে। বর্তমানের সংক্ষিপ্ত সিলেবাসের মত প্রতিবন্ধীদের সব প্রাতিষ্ঠানিক, বার্ষিক মূল্যায়ণ পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে নিতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য মাসিক ভাতা ও শিক্ষা ভাতা উভয় নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে নিয়োগ এবং কর্মস্থান নিশ্চিতকরণের বিশেষ নীতিমালা প্রণয়ন করে চাকরির বয়সসীমা ৩২ থেকে ৩৫ এ উন্নতি করতে হবে। বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে ১০ শতাংশ প্রতিবন্ধীদের নিয়োগের ৫ শতাংশ কর ছাড়ের নিয়মটি সংশোধন করে আনুপাতিক হারে ৫-৩ কর্মী নিয়োগ দিলে ৩-১ শতাংশ কর ছাড়ের বিধান করতে হবে। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী সমাজের আহবায়ক মঞ্জু রশিদ, বার্নহাট কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক স্বপ্না জামান, সম্মিলিত সংস্কৃতি জোটের সভাপতি মজিবর রহমান, মন্দিরার সভাপতি শামীম আহম্মেদ, সাংস্কৃতিক কর্মী প্রদীপ কুমার রায়, সাংবাদিক মিলন পাটোয়ারি। প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর কারমাইকেল কলেজের দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র রিপন মিয়া, মনিরুজ্জামান।





