
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আমেরিকা প্রবাসী নিউইয়র্ক সিটির আব্দুল বারী সিকদার মুকুল এবং মর্গেজ ব্রোকার নাসির লস্কর-এর সৌজন্যে কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক শতাধিক বানভাসী পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে প্যারেন্টস্ সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতা এবং ক্রিস্টাল ওপেন স্কাউটস, ঢাকা ও জোবেদা বাতিঘর নারী কল্যাণ সংস্থা, কুড়িগ্রাম সদরের তত্ত্বাবধানে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের চর ঘনশ্যামপুর এলাকায় বন্যা কবলিত পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তার প্যাকেজ বিতরণ করা হয়।
এসময় জোবেদা বাতিঘর নারী কল্যাণ সংস্থা, কুড়িগ্রামের সভাপতি কৃষিবিদ ড. শাহনাজ বেগম নাজু যাত্রাপুর ইউনিয়নের চরের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নিজেই নৌকা দিয়ে ঘুরে ঘুরে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর প্যাকেজের মধ্যে ছিল চাল ১০ কেজি, আলু ৩ কেজি, তেল ১ লিটার, চিনি ১ কেজি, ডাল ১ কেজি, বুট ডাল ৫০০ গ্রাম, লবণ ১ কেজি, হলুদ ২৫০ গ্রাম, শুকনা মরিচ ৫০ গ্রাম, সেমাই ১ প্যাকেট, গুড়া দুধ ১ প্যাকেট, সুজি ৫০০ গ্রাম, মুড়ি ১ কেজি, চিড়া ১ কেজি, সাবান ১টা সহ ঔষধ ৩ পদের ইত্যাদি।





