
স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে দিনে রাতে চুরির হিড়িক পড়েছে। এবার রাস্তা থেকে সুজকি জিকসার একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রোববার বিকেলে উপজেলার গোনা রাস্তা থেকে এ মোটরসাইকেল চুরি হয়েছে। এর আগে শুক্রবার এক রাতে উপজেলার পোয়াতাপাড়া, ওমরপুর ও কাটরাশইন এলাকা থেকে ৩টি গভীর নলকূপ এবং ১টি অগভীর নলকূপের মোট ১০টি বৈদ্যতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এসব চুরির ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসি।
মোটরসাইকেলের মালিক উত্তর বড়গাছা গ্রামের বাসিন্দা নিসাদুর রহমান নুহাস জানান, গোনা মাঠে নানার গভীর নলকূপে রোববার বিকেলে বৈদ্যতিক সংযোগের কাজ চলছিল। আমি রাস্তায় মোটরসাইকেল রেখে তা দেখতে যাই। ঘন্টাখানিক পর এসে দেখি চোরেরা আমার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
বড়গাছা গ্রামের ইসমাইল হোসেন জানান, ওমরপুর মৌজায় বরেন্দ্র উন্নয়ন প্রকল্পের আওতায় গভীর নলকূপের অপারেটর হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি। শুক্রবার রাতে চোরেরা তার নলকূপের তিনটি বৈদ্যতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। কাটরাশইন পোয়াতাপাড়া গ্রামের মিজানুর রহমান জানান, একই রাতে তার নিজস্ব গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। রাত অনুমানিক ১২টার দিকে পাহারাদাড় বাড়িতে চলে আসলে চোরেরা ট্রান্সফরমারগুলি চুরি করে নিয়ে যায়।
কাটরাশইন ওমরপুর এলাকার মোস্তাক হোসেন জানান, ওই রাতেই তার নিজস্ব গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চোরেরা চুরি করে নিয়ে গেছে। এছাড়া ওমরপুর গ্রামের আমিনুল ইসলামের একটি অগভীর নলকূপের একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। ট্রান্সফরমার চুরির এমন হিড়িক পরার কারণে নলকূপ মালিক এবং কৃষকদের মাঝে আতংক দেখা দিয়েছে।
এ ব্যাপারে রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া বলেন, চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোরকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া ট্র্রান্সফরমার চুরির বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ট্র্রান্সফরমার চুরির বিষয়গুলো ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
