
স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে স্বাক্ষর বিহীন নিকাহ রেজিস্টার ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বিয়ে পড়ানোর অভিযোগে রাণীনগর উপজেলার ভবানীপুর কাজীপাড়া গ্রামের মৃত কাজী কছরতুল্লাহর ছেলে আব্দুস সালাম নামে এক প্রতারকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কাশিমপুর-মিরাট ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা আল হেলাল প্রাং বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে শুক্রবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আল হেলাল জানান বৃহস্পতিবার রাতে আব্দুস সালাম উপজেলার চককুজাইল গ্রামে স্বাক্ষর বিহীন নিকাহ রেজিস্টারের মাধ্যমে নিকাহ সম্পন্ন করিতেছেন এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার স্যার আমাকে নিয়ে সেখানে যান। সেখানে গিয়ে দেখতে পাই আব্দুস সালামের নিকট রক্ষিত নিকাহ রেজিস্টারে দীর্ঘদিন যাবত যতগুলো বিবাহ সম্পন্ন হয়েছে তার কোনটিতেই নিকাহ রেজিস্টারে স্বাক্ষর নেই। আবার কোনটিতে কন্যার বিবাহকালীন বয়সের ঘর ফাঁকা রয়েছে, স্বাক্ষীর ঘরে ঘোষামাজা রয়েছে। স্বাক্ষর বিহীন নিকাহ রেজিস্টারের মাধ্যমে আব্দুস সালাম প্রতারণা করে নিয়মিত বিবাহ করাইতেছেন। তাই স্যারের নির্দেশে আমি তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছি।
থানার ওসি আবু ওবায়েদ বলেন প্রতারণার অভিযোগে আব্দুস সালামের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে তাকে শুক্রবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। #




