
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে একটি কোরবানীর গরু উপহার দিয়েছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল। মঙ্গলবার দুপুরে উপজেলার একডালা ইউনিয়নের চৌধুরী পুকুর আশ্রয়ন প্রকল্প প্রাঙ্গনে তিনি এই গরু হস্তান্তর করেন। প্রথম ও দ্বিতীয় ফেজে উপজেলায় মোট ১২৩টি আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে একডালা ইউনিয়নের ডাকাহার গ্রামের চৌধুরী পুকুর পাড় ও মালিপুকুর পাড়ে ৯১টি, কালিগ্রাম ইউনিয়নের সিলমাদার পুকুর পাড়ে ১১টি, কাশিমপুর ইউনিয়নে ১৩টি ও বড়গাছা ইউনিয়নে ৮টি ঘর নির্মাণ করা হয়েছে। এই ঘরগুলোতে বসবাসরত বাসিন্দারা যেন পরিবারের সকল সদস্যদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে তার জন্য এমপি হেলাল নিজ উদ্যোগে ও উপজেলা আওয়ামীলীগের সার্বিক সহযোগিতায় এই গরু বিতরন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু প্রমুখ।





