
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চর অঞ্চলে পিছিয়ে পড়া মানুষের মাঝে বিনামূল্যে করোনার টিকা নিবন্ধন কাজ করে দিচ্ছেন সেচ্ছাসেবী সংগঠন ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্প লাইনের তরুণ সেচ্ছাসেবকরা।
১৩ আগস্ট শুক্রবার সকাল থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই সংলগ্ন ফাঁকা জায়গায় সংগঠনটির তরফ থেকে ১৩তম দিনের মত বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন কর্মসূচি বাস্তবায়ন করতে দেখা গেছে। সংগঠনটির সেচ্ছাসেবকদের সহযোগিতায় শুধুমাত্র ভোটার আইডি কার্ড আর ব্যবহৃত মোবাইল ফোন সাথে নিয়ে এসে সহজেই টিকা গ্রহনের নিবন্ধন করতে পারায় খুশি টিকা প্রত্যাশীরা।
সংগঠনটির স্বেচ্ছাসেবক এনামুল হক বসুনিয়া সজল পোদ্দার, আরিফ’রা জানান, সেচ্ছাসেবী সংগঠন করোনা আপডেট কুড়িগ্রাম এর সহযোগিতায় ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্প লাইনের ব্যবস্থাপনায় আমরা ১৩তম দিনের মতো টিকার নিবন্ধন কার্যক্রম বাস্তবায়ন করছি।চর অঞ্চলে পিছিয়ে পড়া মানুষদের মাঝে বিনামূল্যে টিকার নিবন্ধন করে দেয়া হয়েছে। অত্র উপজেলার সবাই যেন ঘরের কাছেই টিকা গ্রহনের নিবন্ধন করতে পারে সেজন্য আমরা উপজেলা সদর ছাড়াও প্রতিটি ইউনিয়নে টিকা গ্রহনের নিবন্ধন কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছি। এর পাশাপাশি আমাদের বিনামূল্যে অক্সিজেন সেবা ও করোনায় মৃত ব্যক্তির লাশ সৎকার কার্যক্রম চলমান রয়েছে।





