
এস এম ইমাদ, বিশেষ প্রতিনিধি সিলেট বিভাগ :: দীর্ঘদিন থেকে নেতৃত্বহীন সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগকে কমিটির আশ্বাস দিয়ে গেছেন কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।
শনিবার সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে জেলা ও মহানগর ইউনিটের যৌথ কর্মীসভায় এ আশ্বাস দেন সংগঠনের এ দুই শীর্ষ নেতা। এসময় তারা বলেন, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি নেই দীর্ঘদিন ধরে। সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার মতো যোগ্য অনেকেই আছেন।
কিন্তু সবাই সভাপতি ও সাধারণ সম্পাদক হতে পারবেন না। আর যেহেতু সিলেট জেলা ও মহানগরে দীর্ঘদিন ধরে কমিটি নেই তাই সম্মেলন আয়োজনের সুযোগ নেই। কেন্দ্র থেকে যাকেই যে দায়িত্ব দেয়া হবে তাদের নেতৃত্ব সবাইকে মেনে নিতে হবে।
খুব দ্রুত সময়ের মধ্যেই সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি দেয়া হবে বলে উল্লেথ করেন তারা। এমন আশ্বাস দিয়ে শনিবার রাতে সিলেট ত্যাগ করেন জয়-লেখক। তাদের এমন আশ্বাসে কর্মীসভায় নিজেদের অবস্থান জানান দেয়ার লড়াই শেষ করেই কেন্দ্রের লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন সভাপতি-সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা।
আর নিজ বলয়ের কর্মীদের নেতৃত্বে আনতে অতীতের মতোই লড়াই শুরু হয়েছে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে। সুত্র জানিয়েছে, যেহেতু কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হবে বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। তাই ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যার্শী অন্তত ৬টি গ্রুপের এখন লড়াই হবে ঢাকায়। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের লবিং আর যোগ্য প্রার্থী বাছাইয়ে যে বলয় এগিয়ে থাকবে নেতৃত্ব পাওয়ার সুযোগ তাদেরই বেশী থাকবে।
এর আগে, শনিবার দুপুরে সিলেট পৌঁছে প্রথমে মাজার জিয়ারত করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা নগরীর মানিকপীর (রহ.) কবরস্থানে যান। সেখানে সিলেট সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিকেল ৪টার দিকে সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় কর্মিসভা। কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় অংশ নেন জেলা ও মহানগর ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।





