২১ দফা দাবিতে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

0
10

ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন, সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)।

শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম কলেজ মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার প্রায় অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন  ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন, যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ, আমিনুল ইসলাম, বাবুল জামান, রাশিদুল ইসলাম রাশেদ, মুহাম্মদ জুবাইর ইসলাম, আব্দুল্লাহ্ সাহেদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক সাওরাত সোহেল ও খন্দকার আরিফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ও দৈনিক কালের কণ্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ।

বক্তারা অবিলম্বে সাংবাদিকদের ২১ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। তারা বলেন, দেশের গণমাধ্যমকর্মীরা আজ কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করছেন ন্যায্য মজুরি ও নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ আন্দোলনে নামতে বাধ্য হবে।

বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত দাবিগুলো বাস্তবায়ন না করে, তবে সারাদেশে সাংবাদিক সমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।