“গর্ভধারণ হয়নি অথচ দৈনিক ৫ লিটার করে দুধ দিচ্ছে বকনা”

0
10

বিপুল জামান লিখন(নেত্রকোণা প্রতিনিধি)

গর্ভধারণ হয়নি অথচ দৈনিক ৫ লিটার দুধ দিয়ে যাচ্ছে দুই বছরের বকনা।ঘটনাটি পূর্বধলা উপজেলার খালিশাউড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে।দুই বছর বয়সী এই বকনা গরুর দুধ দেওয়ার দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছেন দূর দুরান্ত আসা লোকজন।বকনা বাছুরটি কৃষক হায়দর আলীর।

কৃষক হায়দর আলী জানান, দুই বছর আগে স্থানীয় বাজার থেকে ওই বকনা বাছুরসহ একটি গাভী কিনে আনেন তিনি। পরে তিনি গাভীটি বিক্রি করে বাছুরটি লালন-পালন করতে থাকেন। মাস খানেক আগে বকনা বাছুরকে গোসল করাতে গেলে তিনি শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন। তিনি দেখতে পান গরুর বাটগুলো দুধে ভরে আছে। পরে তিনি বাট থেকে দুধ সংগ্রহ করতে শুরু করেন। প্রথম দিকে দুধ কিছুটা কম দিলেও বর্তমানে প্রতিদিন সকাল-বিকেল মিলে ৫ লিটারের মতো দুধ দিচ্ছে।

কৃষক হায়দর আলীর স্ত্রী মদিনা আক্তার বলেন, গর্ভধারণ না করে এবং কোনো বাছুর জন্ম না দিয়েই এক মাস ধরে প্রতিদিন দুধ দিয়ে যাচ্ছে আমাদের বকনা গরুটি। এটা আল্লাহর রহমত। আল্লাহ সবই পারেন।

তিনি আরও বলেন, প্রতিদিন আমি নিজেই দুধ সংগ্রহ করি। প্রথমে দুধ কিছুটা কম দিলেও এখন দুই বেলা মিলে ৫ লিটারের মতো দুধ দিচ্ছে। এর মধ্যে ৪ লিটার দুধ ৪০ টাকা লিটার দরে বিক্রি করে দিচ্ছি। বাকি দুধ আমরা নিজেরাই খাচ্ছি।

স্থানীয় অনেকেই এটাকে অলৌকিক ঘটনা বলছেন।
এ নিয়ে কথা হলে নেত্রকোনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনোরঞ্জন ধর বলেন, এ রকম ঘটনা সহসাই দেখা যায় না। এমনটি সাধারণত হরমোনগত কারণে হয়ে থাকে। তবে এসব গরুর দুধ পান করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। এই দুধ খুবই পুষ্টিকর এবং সুস্বাদু।