
মণিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় শরিফুল ইসলাম (৬২) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। এসময় গুরুত্বর আহত হয়েছেন বৃদ্ধর ছেলে আব্দুর রহমান (২৭)।
বুধবার (৩ মার্চ) রাতে উপজেলার শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত শরিফুল ইসলাম শ্যামকুড় ইউপির ৫ নম্বর (শ্যামকুড়) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। স্থানীয় শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান বলেন, বুধবার রাত আটটা ২০ মিনিটের দিকে নিজেদের মোটরসাইকেলে চড়ে বাড়ি থেকে চিনাটোলা বাজারে যাচ্ছিলেন শরিফুল ইসলাম। মোটরসাইকেল চালাচ্ছিলেন বৃদ্ধর ছেলে আব্দুর রহমান। তারা শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছুলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাঁঠাল গাছের সাথে ধাক্কা লাগে। এসময় পিতা-পুত্র দু’জনে গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যান শরিফুল ইসলাম। আহত আব্দুর রহমানকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চেয়ারম্যান মনি।





