কুড়িগ্রামের রৌমারীতে কৃষকদের মাঝে সার বিতরণ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সুষ্ঠুভাবে সার বিতরণ সম্পন্ন হয়েছে। এতে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
জানা গেছে, সোমবার সকাল ১১টার দিকে রৌমারী উপজেলার কলেজপাড়া এলাকায় মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টে সার বিতরণকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে নানা ধরনের আলোচনা ও বিভ্রান্তি দেখা দেয়। এ সময় সার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় অনেক কৃষক প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার সংগ্রহের চেষ্টায় দীর্ঘ লাইনের সৃষ্টি হয় এবং ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। সার মজুদের প্রকৃত পরিস্থিতি তুলে ধরে প্রয়োজন অনুযায়ী সার সংগ্রহের জন্য কৃষকদের আহ্বান জানানো হয়। পাশাপাশি কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে সার বিক্রি করতে না পারে, সে বিষয়েও সতর্ক করা হয়।
সংশ্লিষ্টরা জানান, বর্তমানে কৃষকদের চাহিদার বিপরীতে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে। সার নিয়ে কোনো ধরনের সংকট বা ঘাটতির আশঙ্কা নেই। একটি স্বার্থান্বেষী মহল পুরোনো ছবি-ভিডিও এবং এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বা সম্পাদিত বিভিন্ন কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে কৃষক ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। তাই যাচাই না করে কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।
কোথাও সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি বা কৃষকদের হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, বিএনপি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে সার বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।






মন্তব্য করুন