নীলফামারীর সৈয়দপুরে ট্রাকচাপায় এক বৃদ্ধ ও পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সর্দারপাড়া এলাকায় শিশুটি মারা যায়। অন্যদিকে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের কদমতলী বাজারসংলগ্ন এলাকায় ট্রাকচাপায় এক সাইকেল আরোহী বৃদ্ধ নিহত হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সৈয়দপুর-পার্বতীপুর সড়কের কদমতলী বাজারের পাশে একটি ১০ চাকার ট্রাকের চাপায় সাইকেল আরোহী এক বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে কিছু সময় সড়ক অবরোধ করেন।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
অন্যদিকে, উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সর্দারপাড়া এলাকার ফাইলেরিয়া হাসপাতাল সংলগ্ন একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় লোকমান মাসুদ লাবিব (৭) নামের এক শিশু।
নিহত লাবিব ধলাগাছ ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা ও বগুড়ায় কর্মরত পুলিশ সদস্য সিরাজুল ইসলামের ছেলে। সে সৈয়দপুর শহরের তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সমবয়সী অন্য শিশুদের সঙ্গে লাবিব পুকুরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে লাবিবকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।







মন্তব্য করুন