
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আবু বক্কর সিদ্দিক ওরফে খাটো বাবু(৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার বিকেলে উপজেলার একডালা ইউনিয়নের বিশঘরিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার বিশঘরিয়া গ্রামের আ: সামাদের ছেলে। তার বিরুদ্ধে মামলা রুজু করে রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বাড়িতে রেখে গাজাঁ বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তার নিজ বাড়ি থেকে ১ কেজি গাঁজাসহ আবু বক্কর সিদ্দিক ওরফে খাটো বাবু কে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে এলাকার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে রাণীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো ৭টি মাদক রয়েছে বলেও জানান তিান।#





