কুড়িগ্রামে রমনা লোকাল ট্রেন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

0
9

মোঃ শফিকুল ইসলাম শফি, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ঐতিহাসিক চিলমারী নৌ-বন্দর সংলগ্ন রমনা বাজার স্টেশন থেকে রংপুর ও পার্বতীপুর রুটে চলাচলকৃত ‘রমনা লোকাল (৪২১/৪২২) ট্রেনটি চালুর দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও রংপুর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের কানেক্টিং শাটল ট্রেন অবরোধ কর্মসূচী পালিত হয়েছে।

কুড়িগ্রামে রমনা লোকাল ট্রেন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
কুড়িগ্রামে রমনা লোকাল ট্রেন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বুধবার(২৫ আগস্ট) সন্ধ্যায় কুড়িগ্রাম নতুন রেলওয়ে স্টেশন চত্বরে গণমানুষের জনপ্রিয় বাহন ‘রমনা লোকাল’ ট্রেনটি চালুর দাবীতে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির আয়োজনে টিম কুড়িগ্রাম এক্সপ্রেস, মাদকমুক্ত সমাজ, রমনা লোকাল ট্রেন বাস্তবায়ন কমিটি এবং কুড়িগ্রাম জেলাবাসী ব্যানারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, রাজারহাট সুপারি ব্যবসায়ীদের পক্ষে আব্দুল জলিল, রমনা লোকাল ট্রেন বাস্তবায়ন কমিটির পক্ষে আতিকুর রহমান আতিক, কুড়িগ্রাম জেলা বাসী সংগঠনের পক্ষে মনোয়ার হোসেন রনি, মাদকমুক্ত সমাজ সংগঠনের পক্ষে মোঃ আবুল কালাম, টিম কুড়িগ্রাম এক্সপ্রেসের পক্ষে প্রভাষক পারভেজ এলাহী, স্টেশন কেন্দ্রীক ক্ষুদ্র দোকানদারগণের পক্ষে আবুল আউয়াল, রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সভাপতি তাজুল ইসলাম,

সহ-সভাপতি ও মানববন্ধন আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল কাদের, যুগ্ন আহবায়ক শামসুজ্জামান সুজা, সদস্য প্রভাষক আয়নাল কবির, প্রভাষক শফিকুর রহমান শফিক, জাহানুর রহমান খোকন,আব্দুল গফুর, ফুলবাবু, বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন, স্থানীয় ইউপি সদস্য আলমগীর কবির,

সাবেক ইউপি সদস্য মন্তাজ আলী, যুবলীগ নেতা নুর আলম, সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি প্রভাষক মিজানুর রহমান মিজান, রিক্সা চালক আঃ মালেক, জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী শফিকুল ইসলাম শফি, ছাত্রলীগ নেতা মমিনুর রহমান মমিন, জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৯ আগস্ট থেকে করোনার কারণে দেশের বন্ধকৃত সকল ট্রেন চালু হলেও কুড়িগ্রামের খেটে খাওয়া মানুষের অল্প খরচে ও নিরাপদে যাতায়াত এবং ক্ষুদ্র ব্যবাসীগণের পণ্য পরিবহনের একমাত্র বাহন পার্বতীপুর-রংপুর-রমনা রুটে চলাচলকৃত ‘রমনা লোকাল’ (৪২১/৪২২) ট্রেনটি এখনো চালু হয়নি। । অবিলম্বে ট্রেনটি চালু করার দাবী জানান বক্তারা। আগামী এক সপ্তাহের মধ্যে রমনা লোকাল ট্রেনটি চালু করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

পরে লালমনিরহাট থেকে কাউনিয়া হয়ে কুড়িগ্রামে আসা রংপুর এক্সপ্রেসের কানেকটিং শাটল ট্রেনটি কিছুক্ষণ অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।