
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিবার ও পুলিশ সদস্য ছেলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শাহজাহান।
শনিবার বিকেল ৪ টায় উপজেলার কাওরাইদ গ্রামে ভুক্তভোগী তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহজাহান বলেন, প্রতিপক্ষ একই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে খোকন মিয়ার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে আমার জায়গা সম্পর্কিত বিরোধ চলছে। এই বিষয়ে আদালতে দেওয়ানি ও ফৌজদারী মামলা চলমান রয়েছে।
এরপর থেকে আমিসহ আমার পরিবারের মানহানি করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্রমাগত অপপ্রচার করে আসছে খোকন। তার অপপ্রচার থেকে বাদ যায়নি আমার ছেলে পুলিশ সদস্য শরিফুল ইসলাম ও জাকির হোসেন।সে আমার দুই ছেলের বিরুদ্ধে দুদক সহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছে। যা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। তার নানা অপপ্রচারের কারণে ইতোপূর্বে শ্রীপুর থানায় একাধিক সাধারণ ডায়রি করা হয়েছে। তবুও সে ক্ষান্ত হয়নি। ইদানিং বিভিন্ন লোকজনকে মিথ্যা তথ্য দিয়ে ফেসবুক আইডি ও নিউজ পোর্টাল থেকে আরও বেশি অপপ্রচার করছে। পরে এই বিষয়ে ২৬ ডিসেম্বর শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযুক্তরা হলো, একই এলাকার খোকন মিয়া তার ভাই রুকন, বেলদিয়া এলাকার জাকির মোড়ল, কাওরাইদ মধ্যপাড়া এলাকার আকরাম।সংবাদ সম্মেলনে তাদের এমন অপপ্রচারের তীব্র নিন্দা সহ এমন মিথ্যাচারের জন্য প্রশাসনের কাছে আইনি সহযোগিতা চেয়েছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, খোকন একজন এলাকার খারাপ এবং উশৃংখল লোক। সে এলাকার বিভিন্ন লোকজনের জায়গা দখল থেকে শুরু করে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে আসছে। তার নামে শ্রীপুর থানায় মাদকসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানায় এলাকাবাসী।
স্থানীয় ব্যবসায়ী মাহাম্মদ বলেন,বিগত কিছুদিন পুর্বে কম দামে সিগারেট এনে দেয়ার কথা বলে অন্য এক লোকের মাধ্যমে খোকন আমার কাছ থেকে ২৫ হাজার টাকা নেয়।
অভিযুক্ত খোকন বলেন, শাহজাহানের সাথে দ্বন্দ্ব হলো আমার বিয়ায়ের সাথে আমার বোনের সাথে। এই বিষয়ে আমি প্রতিবাদ করতে গেলেই তারা আমার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। কিন্তু তাদের নামে ফেসবুকে যারা লেখালেখি করেছে আমি তাদের সাথে একমত পোষণ করেছি। যেহেতু তাদের অত্যাচারের বিচার আমি পাইনি, তাই সঠিক বিচারের জন্য আমি তাদের লেখাগুলি শেয়ার করেছি।




