শনিবার রাতে উপজেলার বামনডাঙ্গা থেকে তাদের আটক করা হয় বলে সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানিয়েছেন।

আটকদের নাম প্রকাশ না করে তিনি বলেন, “কর্তাদের নির্দেশে ঘটনার পর থেকে অভিযানে আছে পুলিশের বেশ কয়েকটি টিম। পরে আটকদের নাম ও অভিযানের বিষয়ে জানানো হবে।”

শনিবার সন্ধ্যায় সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ এলাকায় মোটর সাইকেলে আসা তিন যুবক বাড়িতে ঢুকে লিট্নকে গুলি করে পালিয়ে যায় বলে তার স্ত্রী জানান। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ‌্যে তার দলের এই সংসদ সদস‌্যের খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।  কারা এই হত‌্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। লিটনের দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা হত‌্যাকাণ্ডের জন‌্য জামায়াতে ইসলামীকে সন্দেহ করছেন।

৪৮ বছর বয়সী লিটন এবারই প্রথম সংসদ সদস‌্য নির্বাচিত হন। তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (মেরিন) ছিলেন; আনন্দ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালকও ছিলেন তিনি।

এক শিশুকে গুলি করে দেশজুড়ে সমালোচিত হওয়ার এক বছরের মধ‌্যে নিজেই গুলিতে প্রাণ হারালেন লিটন। শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করার মামলায় গত বছর গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাগারে থেকে জামিনে ছাড়া পান তিনি।