
গত বছর থার্টিফার্স্ট নাইটে প্রকাশিত ‘রয়্যালিটি’ অ্যালবামের ‘মনে মনে’ শিরোনামের গানের ভিডিও প্রকাশ করলেন পপশিল্পী তিশমা। গানটির বাংলা অংশের কথা লিখেছেন অনুরূপ আইচ, ইংরেজি অংশটুকু লিখেছেন তিশমা নিজেই। সুর-সঙ্গীতও তিশমার।
ভিডিওটি প্রসঙ্গে তিশমা বলেন, ‘গানটি আরও আগে প্রকাশের কথা ছিল। নানা কারণে সেটি হয়নি। এবার গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করলাম। আশা করি, সবার ভালো লাগবে।’
তিশমা এখন ব্যস্ত নতুন গান তৈরির কাজে। গানগুলো বিভিন্ন উৎসব ঘিরে প্রকাশ হবে বলে তিনি জানিয়েছেন। তিশমা বলেন, ‘ইতিমধ্যে বিভিন্ন গীতিকারের লেখা বেশ কিছু গান কণ্ঠে তুলেছি। এ তালিকায় নিজের লেখা কিছু গানও আছে। এখন থেকে চেষ্টা করব উৎসব ঘিরে নতুন গান প্রকাশ করতে, যাতে উৎসবের সময় শ্রোতারা আমার গান শুনতে পারেন।’





