
রাঙামাটি প্রতিনিধি: সরকার ঘোষিত এবারের লকডাউনের প্রথম দিনে রাঙামাটিতে মানুষ প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হচ্ছে না।
বুধবার (১৪ এপ্রিল) দুপরে বনরুপা ঘুরে দেখে গেছে, রাস্তা, অলিগলি মোটামুটি ফাঁকা। কোথাও অপ্রয়োজনীয় আড্ডা বা লোকজনের অহেতুক ঘোরাঘুরি দেখা যায়নি। গেল সপ্তাহের লকডাউনের সঙ্গে আজ বুধবারের (১৪ এপ্রিল) লকডাউনের কোনো মিলই নেই।
গত নয়দিন লকডাউনে রাস্তায় হাজার হাজার মানুষ দেখা গেলেও আজ মানুষ নেই বললেই চলে। অনেককে নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচা বাজার এবং ওষুধ কিনতে বাসা থেকে বের হতে দেখা গেছে। তবে, এসব মানুষকে প্রয়োজনীয় কাজ সেরে বাসায় ফিরে যেতে দেখা গেছে। রাস্তায় যারা বের হচ্ছেন তাদের প্রায় সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা গেছে।
তবে, কোনো কোনো দোকানে পণ্য কিনতে আসা লোকজনকে নিরাপদ শারীরিক দূরত্ব মেনে চলার বিষয়ে কম সচেতন দেখা গেছে। রাস্তায় পুলিশের টহল গাড়ি, পণ্যবাহী ট্রাক, রোগীবাহী অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ জরুরি প্রয়োজনে ব্যবহৃত সীমিত সংখ্যক যানবাহন ছাড়া তেমন যানবাহন চোখে পড়েনি।
গতকালের (১৩ এপ্রিল) তুলনায় রাস্তাঘাটে মানুষের উপস্থিতি নেই বললেই চলে। তাছাড়া রমজানের প্রথম দিন হওয়ার কারণে এমনিতেই মানুষ ঘরের বাইরে বের হননি। শহরের বিভিন্ন রাস্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টহল দিতে দেখা গেছে।





